- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ২০, ২০২৫
মোদি-শাহর উপস্থিতিতে এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সি পি রাধাকৃষ্ণনের মনোনয়নপত্র দাখিল
উপরাষ্ট্রপতি নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দিলেন এনডিএ-র প্রার্থী চন্দ্রপুরম পন্নুসামি রাধাকৃষ্ণন। মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে তৈরি হলো শক্তিপ্রদর্শনের মঞ্চ।এদিন, মাহেন্দ্রক্ষণে রাধাকৃষ্ণনের পাশে দাঁড়িয়ে ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়কড়ি সহ এনডিএ-র একগুচ্ছ হেভিওয়েট নেতা। গোটা দৃশ্যে ছড়িয়ে রইল এক নিঃশব্দ বার্তা, উপরাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ এককাট্টা, এবং তাদের প্রার্থী জয়ের পথে প্রায় নিশ্চিত। সূত্রের খবর, মোট ৪ সেট মনোনয়নপত্র জমা পড়ে। যার প্রথম সেটে প্রস্তাবক ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। মনোনয়ন জমা দেওয়ার আগে রাধাকৃষ্ণন গিয়েছিলেন সংসদ ভবন চত্বরে অবস্থিত ‘প্রেরণা স্থল’-এ। সেখানেই মহাত্মা গান্ধীর মূর্তির সামনে নত মস্তকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে শ্রদ্ধা জানান অন্যান্য জাতীয় নেতাদের মূর্তিতেও।
রবিবারই এনডিএ-র তরফে ঘোষণা করা হয়েছিল রাধাকৃষ্ণন-এর নাম। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পরে প্রেস কনফারেন্সে সে ঘোষণা করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় শিবিরে প্রবল জনপ্রিয় এই বর্ষীয়ান নেতার মনোনয়নে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে বিজেপি নেতৃত্ব। প্রাক্তন সাংসদ, রাজ্যপাল এবং দীর্ঘদিনের আরএসএস-ঘনিষ্ঠ সিপি রাধাকৃষ্ণন ৩ দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রাজনীতির ময়দানে। দু-দফায় কোয়েম্বাটোর থেকে লোকসভায় নির্বাচিত হয়েছেন তিনি। রাজ্য বিজেপির সভাপতি হিসেবেও দায়িত্ব সামলেছেন। ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানার রাজ্যপাল হিসেবে তাঁর প্রশাসনিক অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনই সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও বিভিন্ন তদন্ত কমিটিতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিনে প্রধানমন্ত্রী বলেন, ‘রাধাকৃষ্ণনজির জীবননির্ভরতা, বিনয় এবং দূরদর্শী নেতৃত্ব তাঁকে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি যে ভূমি থেকে উঠে এসেছেন, সেই তামিলনাড়ুতে তাঁর শিকড় আজও শক্তভাবে গাঁথা।’ সম্প্রতি উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। সেই জায়গায় কে বসবেন, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে এনডিএর তরফে মনোনীত হলেন সিপি রাধাকৃষ্ণন। তবে নির্বাচন প্রক্রিয়া একতরফা নয়, প্রতিদ্বন্দ্বীতা চলবে সমানে সমানে। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন সুপ্রিম কোর্ট বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে। তবে সাংসদদের সংখ্যার নিরিখে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ অনেকটাই এগিয়ে। ৯ সেপ্টেম্বর সংসদে উপ-রাষ্ট্রপতি নির্বাচনের ভোট।
❤ Support Us







