- দে । শ
- জুলাই ৮, ২০২৬
দলীয় তহবিল জটিলতা, ফের আদালতের দারস্থ মমতাপন্থী তৃণমূল
কালীঘাট তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া নিয়ে আইনি লড়াই আরও জটিল আকার নিয়েছে । নিজেদের অন্তত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে মমতাপন্থী তৃণমূল শিবির । দুই পক্ষই নিজেদের প্রকৃত তৃণমূল কংগ্রেস বলে দাবি করে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলির মালিকানার দাবি জানানোয় মামলাটি নতুন মোড় নিয়েছে ।
বুধবার আদালতে কালীঘাট তৃণমূলের পক্ষে আইনজীবী কিশোর দত্ত জানান, শুধু তিনটি নয়, দলের আরও কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দেওয়া হয়েছে । সেই কারণে অন্তত একটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দেওয়ার আবেদন জানানো হয়েছে, যাতে দলের দৈনন্দিন সাংগঠনিক ও প্রশাসনিক কাজ ব্যাহত না হয় ।
এদিন আদালতের নির্দেশে বেসরকারি ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, মোট তিনটি অ্যাকাউন্টের উপর ভিত্তি করেই আদালতে হলফনামা পেশ করা হয়েছে । আগামীকাল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হবে । গতকাল অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় আদালতে একপ্রস্থ ধাক্কা খায় কালীঘাট তৃণমূল । দ্রুত শুনানির আর্জিতে সাড়াই দেয়নি কলকাতা হাইকোর্ট । কিশোর দত্তের উদ্দেশে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না ।” বৃহস্পতিবার শুনানি স্থির করে আদালত ।
এর আগে মঙ্গলবার এই মামলায় দ্রুত শুনানির আবেদন জানিয়েও আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল কালীঘাট তৃণমূলকে । সেই সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য আইনজীবী কিশোর দত্তকে উদ্দেশ করে মন্তব্য করেছিলেন, “একদিন দেরি হলে আকাশ ভেঙে পড়বে না ।” এরপর আদালত মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করে ।
প্রসঙ্গত, গত শুনানিতেও অ্যাকাউন্ট ফ্রিজের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলে আদালত । বিচারপতি সৌগত ভট্টাচার্য অভিযোগ দায়ের ও অ্যাকাউন্ট ফ্রিজ করার সময়কাল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, “অভিযোগ দায়েরের সময় আদালতকে ভাবাচ্ছে । ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৬টায় অভিযোগ দায়ের হয়, আর পরদিন সকালেই ব্যাঙ্ক জানিয়ে দেয় যে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে । অথচ অভিযোগ দায়েরের আগে ওই অ্যাকাউন্টগুলিকে ঘিরে কোনও নির্দিষ্ট অপরাধের অভিযোগ ছিল না ।”
এরপরই বিচারপতির প্রশ্ন ছিল, “তাহলে অভিযোগ দায়েরের পর এত দ্রুত কোন ভিত্তিতে পুলিশ অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিল ?”
বর্তমানে এই মামলায় আদালতের নজরে রয়েছে অ্যাকাউন্ট ফ্রিজের আইনি বৈধতা, সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির ভূমিকা এবং প্রকৃত মালিকানা নিয়ে দুই পক্ষের দাবি । আগামী শুনানিতে এই বিষয়গুলিই প্রধান আলোচ্য হতে চলেছে ।
❤ Support Us






