- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৬
পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে আগুন
রাজধানী এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আগুন লাগল আরও এক ট্রেনে। সোমবার সকালে বিহারের রোহতাস জেলার সাসারাম জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা ভাবুয়া-সাসারাম-পাটনা ইন্টারসিটি এক্সপ্রেস তথা পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনের একটি কামরায় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা স্টেশন চত্বরে।
রেল সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালেই ট্রেনটি সাসারাম স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সেই সময় হঠাৎ একটি কোচের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কিছুক্ষণের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। আগুনের তাপ এতটাই প্রবল ছিল যে রেললাইনের ধারের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।
ঘটনার জেরে প্ল্যাটফর্ম জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান। আগুন লাগা কোচের যাত্রীরা প্রাণ বাঁচাতে ছুটতে শুরু করলে স্টেশনে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলকর্মী, আরপিএফ জওয়ান এবং দমকল বাহিনীর সদস্যরা।
রেল পুলিশের তরফে জানানো হয়েছে, আগুনে একটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং আরও একটি কোচ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। দমকল ও রেলকর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও পর্যন্ত কোনও হতাহত বা গুরুতর আহতের খবর মেলেনি। দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, জ্বলন্ত কোচ থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। আগুনের লেলিহান শিখা দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল।
রেলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এর ঠিক একদিন আগেই মধ্যপ্রদেশের রতলামে তিরুবনন্তপুরম-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের একটি এসি কোচে আগুন লাগে। সেই ঘটনাতেও দ্রুত যাত্রীদের সরিয়ে নেওয়ায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছিল। পরপর দু’দিন ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের ভারতীয় রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
❤ Support Us







