- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ২৪, ২০২৫
প্রয়াত অভিনেতা মুকুল দেব
‘আর রাজকুমার’, ‘সন অফ সর্দার’, ‘জয় হো’, ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান’-এর মতো জনপ্রিয় সিনেমায় কাজ করা অভিনেতা মুকুল দেব প্রয়াত হয়েছেন। তিনি অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র জগৎ।
বলিউডে ফের শোকের ছায়া। প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মুকুল দেব। শুক্রবার গভীর রাতে দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত না হলেও জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, শেষ ক-দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মাত্র ৫৪ বছরের কুল সম্পর্কে অভিনেতা রাহুল দেবের ছোট ভাই। অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর ঘনিষ্ঠ মহল এবং অভিনেতারা । এপ্রসঙ্গে অভিনেতা মনোজ বাজপেয়ী সামাজ মাধ্যমে লেখেন, ‘বিশ্রামে থাকো, মুকুল। তুমি খুব ভালো মানুষ ছিলে।’ মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল সামাজিক মাধ্যমে একটি পুরনো ছবি শেয়ার করে লেখেন, ‘মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলে ! এটা কী হল মুকল ? বিশ্বাস করতে পারছি না। শান্তিতে থেকো।’
একাধারে অভিনেতা, অনুষ্ঠান সঞ্চালক, বৈমানিক এবং বহু ভাষায় দক্ষ মুকুল দেব ছিলেন এক বহুমুখী প্রতিভার অধিকারী। টেলিভিশনে ‘মুমকিন’, ‘এক সে বাদ কার এক’, ‘ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া’–এর মতো অনুষ্ঠানে কাজ করার পর, ১৯৯৬ সালে হিন্দি সিনেমা ‘দস্তক’-এ আত্মপ্রকাশ করেন। ওই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন সুস্মিতা সেন। এরপর পরপর ‘কিলা’, ‘ওয়জুদ’, ‘কোহারাম’, ‘মুঝে মেরি বিবি সে বচাও’–এর মতো ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। ছোট পর্দাতেও ছিলেন সমানভাবে সফল। ‘কাহানি ঘর ঘর কি’, ‘পেয়ার জিন্দেগি হ্যায়’, ‘কভি কভি প্যার কভি কভি ইয়ার’ সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেন। অনুষ্ঠান সঞ্চালক হিসেবেও তাঁর উপস্থিতি ছিল প্রশংসিত। সাম্প্রতিক কালে তাঁকে দেখা গেছিল সলমান খানের ‘জয় হো’, ‘সন অফ সরদার’, ‘আর… রাজকুমার’, ‘যমলা পাগলা দিওয়ানা’-র মতো জনপ্রিয় ছবিতে। শুধুমাত্র হিন্দি নয়, মুকুল দেব দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন পাঞ্জাবি, মরাঠি, গুজরাতি, মালয়ালম এবং ইংরেজি ভাষার ছবিতেও। বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছেও তাঁর মুখ একেবারে অপরিচিত নয়। জিৎ অভিনীত ‘আওয়ারা’, ‘বচ্চন’ এবং ‘সুলতান: দ্য স্যাভিয়ার’-এর মতো জনপ্রিয় ছবিতে খলনায়কের ভূমিকায় তিনি নিজের স্বতন্ত্র ছাপ রেখে গিয়েছেন।
❤ Support Us







