- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১৭, ২০২৬
বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল । নতুন মুখে চমকের প্রস্তুতি, সাংগঠনিক রদবদলের প্রাক মুহূর্তে পদত্যাগ শেহজাদ পুনাওয়াল্লার । রাজ্য সভাপতির পদেও পরিবর্তন ?
সোমবারই বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদলের ঘোষণা হতে পারে । দলের নতুন সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নেতৃত্বে কেন্দ্রীয় পদাধিকারীদের নতুন তালিকা তৈরির কাজ ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে বলে বিজেপি সূত্রের খবর । গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, নীতীন নবীন এবং দলের সংগঠনের সাধারণ সম্পাদক বি এল সন্তোষের মধ্যে দফায় দফায় বৈঠক ও আলোচনা হয়েছে । পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি পদ থেকে সরছেন শমীক ভট্টাচার্য । তাঁকে সম্ভবত কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে বলে খবর ।
সংসদের বাদল অধিবেশন শেষ হলেই দলের সাংগঠনিক স্তরে বড় পরিবর্তন আনা হবে — এমন ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল । ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ এবং পরদিন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় কর্মসূচি থাকায় সোমবারকেই নতুন তালিকা ঘোষণার জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।
এবারের রদবদলে শুধু পুরনো পদাধিকারীদের দায়িত্বে পরিবর্তন নয়, থাকতে পারে একাধিক ‘চমক’। বিজেপির অন্দরমহলের খবর, কেন্দ্রীয় সংগঠনে এক ঝাঁক নতুন মুখকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে । বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে তরুণ নেতৃত্ব এবং মহিলা নেত্রীদের । অভিজ্ঞ নেতাদের সঙ্গে নতুন প্রজন্মের নেতাদের সমন্বয় ঘটিয়ে সংগঠনকে আরও সক্রিয় ও গতিশীল করাই এই রদবদলের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে ।
কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বের পাশাপাশি প্রচার ও গণমাধ্যম সংক্রান্ত ক্ষেত্রেও নতুন মুখকে সামনে আনা হতে পারে । অর্থাৎ, দলের রাজনৈতিক বার্তা আরও দ্রুত এবং কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেও নতুন টিম তৈরি হতে পারে ।
২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক পরিবর্তনের গুরুত্ব যথেষ্ট । একই সঙ্গে আগামী বছরের শুরু থেকেই উত্তরপ্রদেশ-সহ একাধিক গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে । ফলে শুধু সাংগঠনিক দক্ষতা নয়, রাজ্যভিত্তিক রাজনৈতিক সমীকরণ, নির্বাচনী সম্ভাবনা এবং স্থানীয় নেতৃত্বের ভারসাম্য মাথায় রেখেই কেন্দ্রীয় দলের দায়িত্ব বণ্টন করা হতে পারে ।
বিজেপির কেন্দ্রীয় সংগঠনের এই রদবদলের পরেই কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে । দলীয় সাংগঠনিক পর্ব মিটে গেলে মন্ত্রিসভায় রদবদলও সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে ।
সব মিলিয়ে বিজেপির কেন্দ্রীয় সংগঠনে এবারের পরিবর্তন নিছক রুটিন রদবদল নয় । তরুণ ও মহিলা নেতৃত্বকে সামনে আনা, অভিজ্ঞদের সঙ্গে নতুন মুখের ভারসাম্য তৈরি এবং আগামী দিনের গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য সংগঠনকে আরও দ্রুত, সক্রিয় ও আক্রমণাত্মক করে তোলার লক্ষ্যেই এই নতুন টিম তৈরি হচ্ছে বলে মনে করা হচ্ছে । তাই সোমবারের ঘোষণার দিকে রাজনৈতিক মহলের নজর থাকছে ।
ইতিমধ্যেই বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা দলের প্রাথমিক সদস্যপদ এবং সমস্ত সাংগঠনিক দায়িত্ব থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি । ব্যক্তিগত পরিস্থিতি, আর্থিক চাপ এবং সংগঠনের অভ্যন্তরে কয়েকজন ব্যক্তির সঙ্গে মতপার্থক্যকেই পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন পুনাওয়াল্লা । এর আগে ৩০ জুলাই পুনাওয়াল্লা দলের সমস্ত পদ এবং প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন । তবে সেই সময় বিজেপি তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেনি এবং তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছিল ।
সোমবার প্রকাশিত নতুন পদত্যাগপত্রে পুনাওয়াল্লা বলেন, দলের পক্ষ থেকে তাঁর পদত্যাগপত্র তাৎক্ষণিকভাবে গ্রহণ না করে তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করায় তিনি অত্যন্ত আবেগাপ্লুত এবং কৃতজ্ঞ । কিন্তু বিষয়টি নিয়ে দীর্ঘ ও গভীরভাবে চিন্তাভাবনা করার পর তিনি শেষ পর্যন্ত বিজেপির জাতীয় মুখপাত্রের পদ এবং দলের সক্রিয় প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানান । বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবে পুনাওয়াল্লা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের নীতি ও সিদ্ধান্তের পক্ষে জোরালোভাবে বক্তব্য রেখেছেন । বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় ইস্যুতে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ সরকারের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাবনা ও নীতির পক্ষেও তিনি নিয়মিত সওয়াল করেছেন ।
কয়েক সপ্তাহ আগেই পুনাওয়াল্লা তাঁর X অ্যাকাউন্ট থেকে বিজেপি-সংক্রান্ত সমস্ত উল্লেখ সরিয়ে দিয়েছিলেন। এবার তাঁর পুনরায় পদত্যাগের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সময়ে সামনে এল। বিশেষ করে বিজেপির সম্ভাব্য সাংগঠনিক রদবদলের ঠিক আগে এই পদত্যাগ দলের অভ্যন্তরীণ পরিবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা তৈরি করতে পারে ।
❤ Support Us








