- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৮, ২০২৬
কালিন্দীর বাঁধে ধস, আতঙ্ক হিঙ্গলগঞ্জের গ্রামে
বর্ষার মধ্যেই আচমকা বড় ধরনের ধস নামল কালিন্দীর বাঁধে। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের ২ নম্বর সাহেবখালি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। অবিলম্বে বাঁধ মেরামতি না হলে সেখানে ভাঙন অনিবার্য। বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিন কালিন্দীর বাঁধে প্রায় ৩০০ ফুটে এলাকা নিয়ে আচমকা ধস নামে। গত ২ দিন ধরে বৃষ্টির জেরে বাঁধের মাটি নরম হয়ে যায়। জোয়ার নামতেই ধস নামে। মানুষ দিশাহারা হয়ে পড়েন। রাজ্যে সরকার বদলের পর পঞ্চায়েতের অবস্থা টালমাটাল। সদস্যরা পঞ্চায়েতে নিয়মিত আসছেন না।
পঞ্চায়েত সমিতিও নিস্ক্রীয়। জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতি কীভাবে হবে এনিয়ে সংশয় বাঁধের পাশে বসবাসকারী মানুষের মনে। দ্রুত বাঁধের ধস আটকানো না গেলে বাঁধ ভেঙে লোকালয়ে জল ঢুকবে। খবর পেয়ে হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি বলেন, সেচ দপ্তরকে জানানো হয়েছে জরুরি ভিত্তিতে বাঁধের মেরামতির কাজে নামার জন্য। সেচ দপ্ততের আধিকারিকরা সেখানে গেছেন। প্রয়োজন হলে বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হবে। ব্লক প্রশাসন নজর রাখাছে বাঁধের ওপর। এদিকে স্থানীয় মানুষ দাবি তুলেছেন, পাকাপোক্ত ভাবে কংক্রিটের বাঁধ নির্মানের। অভিযোগ আইলা ও আমফানের পরে ওই এলাকার বাঁধ সেভাবে মেরামত করা হয় নি। ফলে সারা বছর আতঙ্কে কাটে এলাকাবাসীর।
❤ Support Us







