- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ৬, ২০২৫
কন্যাকুমারীতে পাচারের ছক বানচাল, হাওড়া স্টেশনে ১৮ জন শিশুকে উদ্ধার করল রেল পুলিশ
বড় ধরণের মানব পাচারের প্রচেষ্টা রুখে দিল রেলওয়ে সুরক্ষা বাহিনী। রবিবার পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের হাওড়া সাউথ পোস্টের রেলওয়ে সুরক্ষা বাহিনী হাওড়া রেলওয়ে স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১৮ জন নাবালক শিশুকে উদ্ধার করেছে। এই হওয়া নাবালক শিশুদের মধ্যে ৭টি মেয়ে এবং ১১ জন ছেলে রয়েছে। এদের কন্যাকুমারী নিয়ে যাওয়া হচ্ছিল।
রেলওয়ে নেটওয়ার্কের মাধ্যমে পাচার প্রতিরোধ এবং সনাক্তকরণের জন্য দেশব্যাপী একটা উদ্যোগ নেওয়া হয়েছে। যার নাম দেওয়া হয়েছে ‘Operation AAHT’ (মানব পাচারের বিরুদ্ধে পদক্ষেপ)। এই উদ্যোগের আওতায় এই অভিযান পরিচালিত হয়েছিল। আরপিএফ কর্মীরা প্ল্যাটফর্মে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একজনকে আটক করে। জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তি স্বীকার করে নেয় যে, ওই শিশুদের তামিলনাড়ুর কন্যাকুমারীতে নিয়ে গিয়ে কাজে লাগানোর পরিকল্পনা ছিল।
এরপর উদ্ধার হওয়া নাবালকদের ও অভিযুক্তকে হাওড়া রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১৪৩(৫) ধারায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পূর্ব রেলওয়ের এক কর্তা জানিয়েছেন, আরপিএফ পাচারের লক্ষণগুলির ওপর সবসময় নজরদারি চালিয়ে যাচ্ছে। নারী ও শিশুদের সুরক্ষায় আরপিএফ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে, যাতে পাচারকারীরা রেলপথকে ব্যবহার করতে না পারে।
❤ Support Us








