- এই মুহূর্তে দে । শ
- জুন ২৩, ২০২৬
সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে তল্লাশি, উদ্ধার বিপুল বেআইনি সম্পদ
তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতি ও বেআইনি সম্পত্তির অভিযোগের মাঝেই সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা একসময়ের প্রভাবশালী তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে কেন্দ্র করে চলা তদন্তে এবার পুলিশের নজরে এলেন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা।
সোমবার গভীর রাতে সব্যসাচী দত্তকে সঙ্গে নিয়েই নদিয়ার তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দীর্ঘ রাতভর অভিযানের পর তদন্তকারীরা প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি। সমস্ত সোনা বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে তোলাবাজি, বেআইনি সম্পত্তি অর্জন-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। পরবর্তীতে তাঁকে জেরা করে এবং তাঁর সম্পত্তি সংক্রান্ত তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তোলাবাজি ও কালো টাকার মাধ্যমে বিপুল পরিমাণ সোনা কেনা হয়েছিল বলে অভিযোগ। তদন্তে তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার থেকে সোনা কেনার একাধিক রসিদ উদ্ধার হয়। সেই সূত্রে প্রায় সাড়ে ৩ কেজি সোনাও উদ্ধার করেছিল পুলিশ।
তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্ত শুধু নিজে সোনা কিনেই থেমে থাকেননি, বরং নিজের প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের নামেও সোনা কেনার ব্যবস্থা করেছিলেন। জেরায় পাওয়া তথ্য ও নথির ভিত্তিতেই টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে খবর, টিনা ভৌমিক সাহা সব্যসাচীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। উদ্ধার হওয়া সোনার উৎস, ক্রয়ের অর্থের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো বেআইনি আর্থিক লেনদেন জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য, যা দুর্নীতির অভিযোগ ঘিরে প্রশ্ন আরও জোরালো করছে।
❤ Support Us








