Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ১১, ২০২৫

বানভাসি পাঞ্জাবের ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান

আরম্ভ ওয়েব ডেস্ক
বানভাসি পাঞ্জাবের ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান

পাঞ্জাবের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আরও একবার মানবিক মুখ হয়ে উঠলেন শাহরুখ খান। পর্দায় তিনি বলিউডের বাদশা, ভক্তদের কাছে ‘কিং খান’, আর দুর্দিনে অসহায়দের কাছে হয়ে উঠলেন ভরসার অন্য নাম। শত কাজের মাঝেও দুঃস্থ মানুষের সেবার অবিচল ব্রতি তিনি।তাঁর দাতব্য সংস্থা মীর ফাউন্ডেশন এবার দায়িত্ব নিল বন্যাকবলিত পাঞ্জাবের দেড় হাজার পরিবারের। তাঁদের সঙ্গে হাত মিলিয়েছে স্থানীয় একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। লক্ষ্য একটাই—ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানো। ইতিমধ্যেই অমৃতসর, পাটিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুর জেলায় পৌঁছে গিয়েছে ত্রাণসামগ্রী।

গত ৩৭ বছরে সবচেয়ে ভয়াবহ বন্যার সাথে লড়াই করছে পাঞ্জাব। আগস্টের শেষ সপ্তাহে হিমাচল ও জম্মু-কাশ্মীরের প্রবল বর্ষণে শতদ্রু, বিয়াস, রাভি ও ঘগ্গর নদীর জল বেড়ে যায়। তার উপর একটানা প্রবল বৃষ্টিতে ব্লাঁধ ভেঙে জলমগ্ন হয়ে রয়েছে বিস্তীর্ণ এলাকা। ডুবে গিয়েছে সহস্রাধিক গ্রাম। প্রাণহানি বেড়ে চলেছে ঘণ্টায় ঘণ্টায়। আপ সরকার ইতিমধ্যেই রাজ্যকে ‘দুর্যোগ কবলিত’ ঘোষণা করেছে। সেনা, নৌসেনা, বায়ুসেনা নিরন্তর চালিয়ে যাচ্ছে উদ্ধারকার্য। আর এই দুঃসময়ে মীর ফাউন্ডেশন স্থানীয় এনজিও-র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পৌঁছে দিচ্ছে জরুরি ত্রাণসামগ্রী। ত্রাণে রয়েছে পানীয় জল, খাবার, ভাঁজ করা খাট, তুলোর গদি, মশারি, ত্রিপল, ওষুধ—এমনকি চিকিৎসার দায়িত্বও নিচ্ছে শাহরুখের টিম। অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা, ফিরোজপুর-সহ একাধিক জেলায় পৌঁছে গিয়েছে সাহায্যের হাত। মীর ফাউন্ডেশনের প্রতিশ্রুতি—এই পরিবারগুলিকে শুধু তাত্ক্ষণিক সহায়তা নয়, পুনরায় মাথার উপর ছাদ গড়ে তুলতেও পাশে থাকবে তারা।

এর আগে শাহরুখ খান এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পাঞ্জাবের মানুষদের জন্য আমার মন কাঁদছে। সকলের জন্য প্রার্থনা করছি এবং ঈশ্বরের কাছে শক্তি কামনা করছি। পাঞ্জাবের মনোবল যেন কখনও ভেঙে না পড়ে। ঈশ্বর তাঁদের সকলের মঙ্গল করুন।’ এবার তাঁর উদ্যোগেই সে কথার প্রতিফলন দেখা গেল মাঠপর্যায়ে। অমৃতসর-ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব অমৃতসর’-এর সঙ্গে যৌথভাবে কাজ করছে মীর ফাউন্ডেশন। সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সীনু অরোরা জানিয়েছেন, তাঁদের প্রস্তাবিত প্রকল্পে মীর ফাউন্ডেশন অর্থ সাহায্য করেছে। ফলে হাজারের বেশি পরিবারকে খাট, গদি, গ্যাসচুলা, পাখা, জলশোধক-সহ নানা জিনিস পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। তবে শুধু শাহরুখ নন, পাঞ্জাবের দুঃসময়ে আন্তরিক সাহায্যের হাত নিয়ে এগিয়ে অনেক তারকাই। অক্ষয় কুমার দিয়েছেন ৫ কোটি টাকা, যাকে তিনি ‘সেবা’ বলেই ব্যাখ্যা করেছেন। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং দিয়েছেন ১০টি নৌকা, আর তাঁর স্ত্রী গীতা বসরা সরাসরি মাঠে নেমে বিতরণ করেছেন ত্রাণসামগ্রী। গায়ক-অভিনেতা অ্যামি ভির্ক ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি ঘর তৈরি করছেন। দিলজিৎ দোসাঞ্জ দায়িত্ব নিয়েছেন ১০টি গ্রামের। সোনু সুদ তাঁর অনুরাগীদের অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছেন, আর তাঁর বোন মালবিকা মাঠে নেতৃত্ব দিচ্ছেন। গিপ্পি গ্রেওয়াল, করণ আওজলা, বাব্বু মান, রণজিত বাওয়া বানভাসি মানুষের পাশে রয়েছেন প্রত্যেকেই। কেউ গবাদি পশুর খাদ্য দিয়েছেন, কেউ আবার বিদেশ সফরের আয় তুলে দিয়েছেন ত্রাণে। অন্যদিকে সালমান খানের বিইং হিউম্যান ফাউন্ডেশন উদ্ধারকার্যের জন্য ৫টি নৌকা পাঠিয়েছে। এর মধ্যে ৩টি ইতিমধ্যেই উদ্ধারকার্যে ব্যবহার হচ্ছে, বাকি ২টি ফিরোজপুর সীমান্তে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সঞ্জয় দত্ত, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কপিল শর্মা ও ভারতী সিং-এর মতো তারকারাও সামাজিক মাধ্যমে সাহায্যের আবেদন জানিয়েছেন, নিজেরা অর্থসাহায্য করেছেন।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রয়াত বাবা মীর তাজ মহম্মদ খানের স্মৃতিতে মীর ফাউন্ডেশন গড়ে তোলেন শাহরুখ। নারীর ক্ষমতায়ন, অ্যাসিড আক্রান্তদের পাশে দাঁড়ানো, কোভিডকালে দেশজুড়ে সাহায্য— বারবারই প্রমাণ করেছে এ সংস্থা কেবল নামেই নয়, কাজেও আলাদা। আজ যখন পাঞ্জাববাসী প্রবল দুর্যোগের মুখোমুখি, তখন শাহরুখের এ উদ্যোগ ফের একবার মনে করিয়ে দিল, পর্দার বাইরেও তিনি আসলেই মানুষের ‘কিং খান’।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!