- এই মুহূর্তে দে । শ
- জুন ৫, ২০২৬
টালিগঞ্জে গ্রেফতার স্বরূপ বিশ্বাস, একাধিক ধারায় মামলা দায়ের
রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে নিউ আলিপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, শ্লীলতাহানি, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ৯টা নাগাদ তাঁর বাড়ি থেকে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টালিগঞ্জের চলচ্চিত্র জগতের এক মেকআপ শিল্পী, যিনি ফেডারেশনের সদস্য, স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন কাজ না পাওয়ার পর কাজের জন্য যোগাযোগ করলে তাঁর কাছে টাকা দাবি করা হয় এবং ভয় দেখানো হয়। অভিযোগকারিণীর দাবি, তাঁর এক সহকর্মী স্বরূপকে ৪৫ হাজার টাকা দিয়েছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। এছাড়া, বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে কয়েক লক্ষ টাকা আদায়ের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।
স্বরূপ বিশ্বাস দীর্ঘদিন ধরে ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া -র সভাপতি ছিলেন। টালিগঞ্জের একাংশ কলাকুশলী ও কর্মীদের মধ্যে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল বলে জানা যায়। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন তাঁর প্রভাব যথেষ্ট ছিল বলেও অভিযোগ। তবে সাম্প্রতিক সময়ে সেই প্রভাব কমতে শুরু করে এবং সম্প্রতি ফেডারেশনের কার্যত অস্তিত্বও বিলুপ্ত করা হয়।
এর আগে টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেছিলেন যে, স্টুডিয়োপাড়ায় আর ফেডারেশনের কোনো ভূমিকা থাকবে না। ভবিষ্যতে টলিউডের সমস্ত কলাকুশলী ও কর্মীরা দিল্লিভিত্তিক ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কনফেডারেশনের আওতায় কাজ করবেন। শিল্পক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছিল। স্বরূপ বিশ্বাসের গ্রেফতারের পর নিউ আলিপুর থানার সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য থানার বাইরে আনা হলে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও দেওয়া হয়। ডিম ছোড়া হয় স্বরূপের গায়ে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই বিশ্বাস তাঁদের বিবাহবিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান। তিনি বর্তমানে কলকাতা পুরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ১০ নম্বর বরোর চেয়ারপার্সন। জুঁই বিশ্বাস জানান, ২০১৯ সাল থেকেই তিনি দুই মেয়েকে নিয়ে আলাদা থাকছেন এবং আইনি পরামর্শের ভিত্তিতে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। যদিও এ বিষয়ে স্বরূপ বিশ্বাস প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং তাঁর গ্রেফতারি টালিগঞ্জের চলচ্চিত্র মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।
❤ Support Us







