- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ২১, ২০২৫
বাংলাদেশের ভোটার তালিকায় বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম । শোরগোল স্বরূপনগরে
বিজেপির পঞ্চায়েত সদস্যের নাম রয়েছে বাংলাদেশের ভোটার তালিকাতে। এনিয়ে শোরগোল পড়ে গেছে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এলাকায়। ওই ব্লকের বিথারি–হাকিমপুরর পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের বিজেপির নির্বাচিত সদস্য সুভাষচন্দ্র মন্ডল বাংলাদেশেরও ভোটার ! সেই তথ্য সামনে এসেছে। কী করে একই ব্যক্তির নাম দু’দেশের ভোটার তালিকায় থাকে এবং ভারতের একটি পঞ্চায়েতের সদস্য হিসেবে রয়েছেন তা নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। এসআইআর শুরু হতেই সামনে চলে এসেছে এই তথ্য। তাতে তীব্র অশ্বস্তিতে পড়েছে বিজেপি। সুভাষচন্দ্র মন্ডল স্বরূপনগরের বিথারি– হাকিমপুর পঞ্চায়েতের ১০০ নম্বর বুথের পঞ্চায়েত বিজেপির নির্বাচিত সদস্য। এলাকার নেতা।
সুভাষচন্দ্র মন্ডলের নাম ভারতের ভোটার তালিকায় ৫০২ নম্বরে রয়েছে। আবার বাংলাদেশে ভোটার তালিকায় দেখা যাচ্ছে জেলা সাতক্ষিরা , উপজেলা কলারোয়া , ইউনিয়ন লাংগলাড়া, ডাকঘর লাংগলঝাড়া, ভোটার এলাকার কোড ০০৫৫, রূদ্রপুর এলাকার তালিকায় ৩৬১ নম্বরে সুভাষচন্দ্র মন্ডলের নাম রয়েছ। এই নিয়ে সুর চড়িয়েছে তৃণমূল। তাদের দাবি, একজন পঞ্চায়েতের মেম্বারের ২ দেশের ভোটার হয় কি করে। অবিলম্বে বিজেপির সুভাষচন্দ্র মন্ডলের পঞ্চায়েত সদস্যপদ খারিজ করা হোক।
সম্প্রতি স্বরূপনগরে এসেছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এবিষয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে দিলীপ ঘোষ বলেন, ‘এরকম বহু লোক আছে যারা ওপাশেও ভোটার কার্ড আছে, এপাশে ভোটার কার্ড আছে। কিন্তু এখানে যদি সে এসে থাকে, যদি হিন্দু হয় তাহলে তার নাগরিকত্ব পাওয়ার অধিকার আছে। তাকে নথি দাখিল করে সিএএ ফর্ম ভরতে হবে।’ তবে তাঁর নাম বাংলাদেশের তালিকাতেও আছে শুনে একরকম আকাশ থেকে পড়লেন সুভাষচন্দ্র মন্ডল। তাঁর দাবি, এখন তাঁর বয়স ৪০। তিনি অনেক আগেই এদেশে আসেন। তাঁর বাপ ঠাকুরদা একাত্তরের মুক্তি যুদ্ধের সময় এদেশ চলে আসেন। এখানকার স্কুলেই তিনি পড়াশুনো করেছে।’ বাংলাদেশে র ভোটার তালিকায় তাঁর নাম উঠল কী ভাবে তা তিনি জানেন না।
স্বরূপনগরের ওই বুথের বিএলও সুমন মন্ডল বলেন, আমি সুভাষবাবুর এমুনারেশন ফর্ম দিয়ে এসেছি। এখনও তিনি জমা দেননি। তাঁর ফর্ম জমা পড়লে আমার উচ্চ আধিকারিকদের সঙ্গে কথা বলব। তৃণমূলের স্বরূপনগর উত্তর ব্লক সভাপতি জিয়াউর রহমান দাবি করেন, বিজেপি এত বড় বড় কথা কথা বলছে তাদের দলের পঞ্চায়েত সদস্য একজন বাংলাদেশি নাগরিক। অবিলম্বে তাঁর সদস্য পদ খারিজ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
❤ Support Us








