- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ৯, ২০২৬
নেতানিয়াহুকে সতর্ক করলেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ উপেক্ষা করে ইরানের ওপর হামলা চালিয়েছিল ইজরায়েল। ইরানের ওপর আবার আক্রমণ করলে আন্তর্জাতিকভাবে ইজরায়েলকে একঘরে করে দেওয়া হবে। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে সতর্ক করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্শ্চিম এশিয়ায় সংঘাত বন্ধ করতে সমঝোতার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে নেতানিয়াহু বলেছেন, ইরান বা হিজবুল্লাহর যে কোনও নতুন পদক্ষেপের কঠোর জবাব দেবে ইজরায়েল।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে বলেছেন, “সাবধান। এটা চলতে থাকলে আপনাকে একঘরে করা হবে।” ট্রাম্প আশঙ্কা করছেন যে, যদি লড়াই আবার তীব্র হয়, তবে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা ব্যর্থ হতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রও এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। ট্রাম্পের এই সতর্কবার্তা এমন এক সময়ে এসেছে যখন ইজরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। রবিবার ইজরায়েল লেবাননের রাজধানী বেইরুটে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরান ইজরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা মধ্যপ্রাচ্য জুড়ে বড় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
ট্রাম্প ইরানের সঙ্গে একতা সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি নেতানিয়াহুকে বলেছেন যে, আলোচনায় অগ্রগতি সম্ভব, তাই আরও হামলা এড়ানো উচিত। আমেরিকান ও ইজরায়েলি কর্মকর্তাদের মতে, ট্রাম্প একটা কঠিন পরিস্থিতিতে ছিলেন। তিনি ইজরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেন, কিন্তু তিনি এও আশঙ্কা করেন যে অব্যাহত প্রতিশোধমূলক হামলা বড় আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে।
ট্রাম্পের অসন্তোষ সত্ত্বেও, নেতানিয়াহু হোয়াইট হাউসকে জানিয়েছেন, ইজরায়েল সীমিত সামরিক পদক্ষেপ নেবে। এরপর ইজরায়েল ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায়। ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এর প্রতিশোধ নেয়। মার্কিন সামরিক বাহিনী সরাসরি এই হামলায় অংশ না নিলেও, ইজরায়েলের দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছিল।
উত্তেজনা বৃদ্ধির পর ট্রাম্প আবার ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং তাঁকে আরও হামলা বন্ধ করার আহ্বান জানান। ইজরায়েলি কর্মকর্তাদের মতে, নেতানিয়াহু এই শর্তে রাজি হয়েছেন যে, ইরান যদি আর হামলা না করে, তবে ইজরায়েলও বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকবে।
এদিকে, নেতানিয়াহু টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেছেন যে, ইজরায়েল গত এক বছরে ইরানের সম্ভাব্য পারমাণবিক হুমকি প্রতিহত করেছে এবং ইরান ও হিজবুল্লাহকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করে দিয়েছে। তিনি দাবি করেন যে, ইজরায়েল হিজবুল্লাহর একটি বড় হামলার পরিকল্পনা ভেস্তে দিয়েছে এবং তাদের নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে এবং সংগঠনটির বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে।
❤ Support Us







