Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ৩০, ২০২৫

ভোটের আগে দলীয় প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে বাংলায় অমিত শাহ, দফায় দফায় চলছে বৈঠক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের আগে দলীয় প্রস্তুতির খুঁটিনাটি খতিয়ে দেখতে বাংলায় অমিত শাহ, দফায় দফায় চলছে বৈঠক

বিধানসভা নির্বাচনের সময় যত কাছে আসছে, ততই বঙ্গ বিজেপির সাংগঠনিক তৎপরতা জোরদার হচ্ছে। এ আবহেই বছরশেষে ৩ দিনের সফরে পশ্চিমবঙ্গে এসে সংগঠনের প্রস্তুতির নাড়িনক্ষত্র খতিয়ে দেখতে শুরু করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি পৌঁছন সল্টলেকের বিজেপি রাজ্য দফতরে। সেখানেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। কলকাতায় পা দিয়েই সামাজিক মাধ্যমে শাহ লেখেন, ‘পশ্চিমবঙ্গ পরিবর্তনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।’ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরের বাইরে দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়বার মতো।

প্রায় ঘণ্টাখানেক ধরে চলা ওই বৈঠকে রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারাও। ভোটের প্রস্তুতিতে জনসংযোগকে প্রধান হাতিয়ার করে এগোতে চাইছে গেরুয়া শিবির। সে লক্ষ্যেই রাজ্য জুড়ে পথসভা, জনসভা ও রথযাত্রার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তার প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা খুঁটিয়ে জানতে চান শাহ। বিজেপি সূত্রের খবর, কোন মণ্ডলে কী ধরনের কর্মসূচি হয়েছে, সেখানে কারা অংশ নিয়েছেন, মানুষের সাড়া কেমন— এই সব বিষয়ে বিস্তারিত রিপোর্ট চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সোমবার রাতের বৈঠক মূলত ছিল সাংগঠনিক। সদস্য সংগ্রহ অভিযান, মণ্ডল ও বুথ স্তরে সংগঠনের শক্তি, দলীয় নির্বাচন ও সভাপতিত্বের পরিস্থিতি— সব কিছুরই খোঁজ নেন অমিত শাহ। রাজ্য নেতৃত্বের কাছে জানতে চান, ভোটের দামামা বাজার অনেক আগেই জনসংযোগে নামা বিজেপির এই কর্মসূচিগুলি কতটা কার্যকর হয়েছে।

বৈঠকে উঠে আসে রথযাত্রার পরিকল্পনাও। বিজেপির তরফে রাজ্যের ৫ দিক থেকে রথ এনে এক জায়গায় সমবেত করার যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার সম্ভাব্য রুট, জনসমাগম এবং প্রশাসনিক চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। কোন এলাকায় সুবিধা হতে পারে, কোথায় সমস্যা দেখা দিতে পারে, সেসব দিকও তুলে ধরেন রাজ্য নেতারা। অবে, শুধু নিজ দলের প্রস্তুতিই নয়, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কৌশল নিয়েও আগ্রহ দেখান স্বরাষ্ট্র মন্ত্রী বলে গেরুয়া শিবির সূত্রে খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনের ভূমিকা এবং ভোটের সময়ে তা কী ভাবে ব্যবহৃত হতে পারে, এ বিষয়েও প্রশ্ন করেন তিনি। বিজেপি সূত্রের দাবি, এই সমস্ত বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন রাজ্য নেতৃত্ব।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে কেন্দ্র ও বিজেপির অবস্থান আরো এক বার স্পষ্ট হতে পারে বলে মত রাজনৈতিক মহলের। আজই বিজেপির কোর কমিটির সঙ্গে ‘মিশন ২০২৬’ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন শাহ। সন্ধ্যায় আরএসএস নেতৃত্বের সঙ্গে সমন্বয় বৈঠকেও বসার কথা রয়েছে তাঁর। বঙ্গ বিজেপির নির্বাচনী প্রস্তুতিতে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। সফরের শেষ দিন বুধবার সায়েন্স সিটি অডিটোরিয়ামে কলকাতা পুরনিগম এলাকার বিজেপি নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। পাশাপাশি রাজ্যের বিজেপি সাংসদ ও বিধায়কদের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। সংগঠনিক বৈঠকের পাশাপাশি গিরিশ ঘোষের মূর্তিতে মাল্যদান, সিস্টার নিবেদিতার বাড়ি এবং ইসকন মন্দির পরিদর্শনের কর্মসূচিও রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের মতে, ভোটের মুখে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর এই সফরের মূল লক্ষ্য একটাই, সংগঠনকে চাঙ্গা করা এবং বিধানসভা নির্বাচনের রণকৌশল চূড়ান্ত করা। ‘মিশন ২৬’-এর পথে শাহ রাজ্য নেতাদের কী বার্তা দেন, সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!